রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রবাসী সজল–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (৪ মার্চ) বিকেলে চ্যানেল এস–এর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রবাসী সজলের ভাই বিল্লাল মন্ডল বলেন, আমার ভাই সজল প্রবাসে থাকা অবস্থায় টিকটক মাধ্যমে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। এক–দুই দিন তাদের কথা হয়। পরে আমার ভাই দেশে আসার পর ওই মেয়ে আমাদের বাড়িতে এসে তার সঙ্গে দেখা করে। আমরা পরে মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিই।
তিনি আরও জানান, গত ২৭ তারিখে তারা জানতে পারেন যে ওই মেয়েকে ডেকে নিয়ে এসে উপজেলার বহলাডাঙ্গা এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আকাশ ও জামাল মন্ডল জোরপূর্বক ধর্ষণ করেছে।
এ বিষয়ে তাদের পরিবার কিছুই জানে না বলে দাবি করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভাইকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে—এ অভিযোগ তুলে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের সঠিক ও নিরপেক্ষ বিচার দাবি করেন।
আকাশ ও জামাল মন্ডল–এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর