বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বুধবার বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় টহলরত কোস্ট গার্ডের জাহাজ সিজিএস সোনার বাংলা অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া–২৭, সীমা–০২ ও আসমা নামের তিনটি বোটসহ ৩৭ জন জেলেকে আটক করে।
তিনি আরও জানান, আটক বোটগুলো বৃহস্পতিবার বিকেলে মোংলায় আনা হয়। পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশে মাছ নিলামে বিক্রি করা হতে পারে অথবা এতিমখানায় দেওয়া হতে পারে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর