টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরা স্পিনিং মিলস লিঃ এর বিরুদ্ধে কর্মচারীদের বেতন বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণার অভিযোগ এনে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার ( ৫ই মার্চ) দুপুরের দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা এই বিক্ষোভ ও পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই অংশে অবরোধ করে।
তবে গত তিন মাস ধরে প্রতিষ্ঠানটিতে লে অফ চলছিল বলে জানিয়েছেন কারখানাটির নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সাত্তার মন্ডল। তিনি বলেন, আজকে মিল খোলার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ মিল বন্ধের নোটিশ দিয়েছে। এজন্য কিছু শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তারা মালিক পক্ষের সাথে কথা বলে বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জানা যায়, গ্যাস সংযোগ বন্ধ, কাঁচামাল সংগ্রহ করতে না পারা এবং আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা না পাওয়ায় গত তিন মাস ধরে উৎপাদন বন্ধ রেখে লে অফ রাখা হয়েছিল। লে অফের পর বৃহস্পতিবার (৫ মার্চ) মিল চালু করার কথা ছিল। সকালে শ্রমিকরা মিলে গিয়ে প্রধান ফটকে তালা দেখেন এবং মিল বন্ধের নোটিশ দেখতে পান।
মিলের শ্রমিক তাসলিমা আক্তার, শামসুন্নাহার, সহকারী প্রকৌশলী তুষার শীল বলেন, আজকে মিল চালুর কথা থাকলেও সকালে মিলের প্রধান ফটকে তালা দেওয়া এবং মিল বন্ধের নোটিশ দেখা যায়। এই সিদ্ধান্ত মিলের কোন শ্রমিক কর্মচারী আগে থেকে জানেনা। কর্তৃপক্ষ দুই মাসের বেতন ও বোনাস না দিয়ে এরকম সিদ্ধান্ত নেওয়ায় তারা হতবাক হয়েছেন বলে জানান।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে সেনা ক্যাম্পের মেজর হাফিজ, সেনা সদস্য ও পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মালিক পক্ষের সাথে কথা বলে বেতন বোনাস পরিশোধের কথা বলার পর শ্রমিকরা তাদের বিক্ষোভ ও অবরোধ স্থগিত করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর