কাউকে না জানিয়ে বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পার হলেও অফিস তালাবদ্ধ।
এ ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহকারীকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—
সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক
অফিস সহকারী ফাতেমা জান্নাতী
জানা গেছে, নাসির উদ্দিনকে রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে, ওমর ফারুককে খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে এবং ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবাগ্রহীতা অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় দায়িত্বপ্রাপ্ত কেউ উপস্থিত ছিলেন না। এ সময় এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল নতুন কর্মকর্তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন।
সেবাগ্রহীতা জাহিদুল হক বলেন, “ভূমি সংক্রান্ত একটি কাজের জন্য সকালে অফিসে এসেছি। কিন্তু এসে দেখি কোনো কর্মকর্তা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমাদের মতো অনেক সেবাগ্রহীতা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।”
সাজু/নিএ
সর্বশেষ খবর