ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথম ভাগে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
এর আগে গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ সময়ের মধ্যে সারাদেশে ৬ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৪ দিন তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সে.) থেকে তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।
কুশল/সাএ
সর্বশেষ খবর