মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ক্রুরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ সব ক্রু নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটিতে একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণ’ আঘাত হানে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ওমানের বুখা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।
কুয়েতি সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাতে জানা গেছে, আঘাতের পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ট্যাংকারটি ওই এলাকাতেই অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ২১ জন ভারতীয় নাবিক বহনকারী কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজের ভারতীয় ক্রুসহ অন্য সব নাবিক নিরাপদ রয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে এ ঘটনা নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এ প্রণালিতে জাহাজ চলাচলে যেকোনো বিঘ্ন আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর