নব্বইয়ের দশকের সুপারস্টার গোবিন্দ দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। মাঝে মাঝে রিয়েলিটি শো বা বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেলেও নতুন সিনেমায় তাঁকে আর দেখা যায়নি। অভিনয় না করলেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রায়ই আলোচনা ও গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের খবর ছড়ায়। তবে পরে তাঁদের আইনজীবী নিশ্চিত করেছেন, যদিও কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছিল, বর্তমানে তাঁরা একসঙ্গে দেখা যাচ্ছেন।
নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমার মাধ্যমে গোবিন্দ বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘ভাগম ভাগ’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ তার বহু সিনেমা এখনও দর্শকদের মধ্যে সমান জনপ্রিয়। তবে ২০০০ সালের পর থেকে তাঁর সিনেমার জৌলুস ধীরে ধীরে কমতে থাকে। বড়পর্দায় শেষবার তাঁকে দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ সিনেমায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ বলিউডের অন্তরঙ্গ পরিস্থিতি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তোলেন, বলিউডে কি এমন কোনো তারকা আছে যিনি পুরোপুরি বিতর্কমুক্ত?
তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রায় প্রত্যেকের নামের সঙ্গে কোনো না কোনো সময় সমালোচনা বা বিতর্ক জড়িয়ে যায়। যদি কেউ একেবারে বিতর্কহীন থাকেন, তবে উল্টো সন্দেহই হয়। মানুষ অনেক সময় কাউকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার প্রতি কিছুটা ভয় বা দূরত্ব তৈরি হয়। কেউ সময়মতো শুটিংয়ে আসে, ভালো চরিত্রের মানুষ— ঠিকই সম্মান পায়, কিন্তু তবুও একসময় তার নাম নিয়েও আলোচনা হবে।”
অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন অনেক বড় তারকাও আছেন, যাদের ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে বিতর্ক বা সমালোচনার মুখে পড়তে হয়েছে।
উদাহরণস্বরূপ অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করে তিনি বলেন, একসময় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও পরিপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও একটা সময় দীর্ঘদিন কাজের বাইরে থাকতে হয়েছিল তাকে।
একইভাবে তিনি স্মরণ করেন একসময়ের সুপারস্টার রাজেশ খান্নাকেও। গোবিন্দ বলেন, ক্যারিয়ারের মাঝামাঝি সময়েই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলতে শুরু করেছিলেন, তিনি আর আগের মতো নেই, তার অভিনয় ও উপস্থিতি নাকি বদলে গেছে।
শুধু অতীতের তারকারাই নন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন গোবিন্দ। আমির খানের নাম উল্লেখ করে এ অভিনেতা বলেন, একসময় আমিরের বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই একই মানুষকে সবাই ‘পারফেকশনিস্ট’ বলে সম্মান জানাতে শুরু করেছে।
গোবিন্দ বলেন, বলিউডে বিতর্ক বা বদনাম অনেক সময়ই ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তিনি বলেন, কখনো কখনো বিষয়গুলো সীমা ছাড়িয়ে যায়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রায় সবাইকে কোনো না কোনো সময় ঠেলে সরিয়ে দেওয়া হয় বা খারাপ নাম দেওয়া হয়। আসল বিষয় হলো— সেই পরিস্থিতি থেকে কে কীভাবে ফিরে আসে।
কুশল/সাএ
সর্বশেষ খবর