রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। অনেক যানবাহন চালক খালি হাতে ফিরে যাচ্ছেন।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকেই সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন না। বেশিরভাগ পাম্প থেকে অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে।
তেল না পাওয়ায় কিছু এলাকায় গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এই সময় গ্রাহকরা পেট্রোল পাম্পগুলোর ওপর সরকারের কঠোর নজরদারির দাবি করেছেন।
পাম্প মালিকরা জানিয়েছেন, যে পরিমাণ তেল সরবরাহ হওয়ার কথা ছিল, তা আসছে না। স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। যানবাহনভিত্তিক কোটা অনুযায়ী জ্বালানি তেল দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সকাল থেকেই বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক গ্রাহক আশঙ্কা করছেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারেন—এই আশঙ্কায় আগেভাগেই প্রয়োজন অনুযায়ী পেট্রোল ও অকটেন সংগ্রহ করছেন।
তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার কারণে চাপ তৈরি হয়েছে, তবে এখনো বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর