কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন— সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, একই বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৪ ধারায় দায়ের হওয়া মামলার প্রাথমিক তথ্যে তাদের নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(ন) ধারা অনুযায়ী ৫ মার্চ ২০২৬ থেকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তারা জীবনধারণ ভাতা পাবেন।
এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান। অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষক আসমা সাদিয়া রুনার নিজ কক্ষে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, কমিটির সদস্যদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। দ্রুত তদন্ত কাজ শুরু করে যথাসময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর