ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমার প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নেওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম।
গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি ও ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।
পপির মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর