শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গার্মেন্টস শ্রমিকরা একটি র্যালি বের করেন।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, নারী শ্রমিক কবিতা, রেবেকা আক্তারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গার্মেন্টস খাতে কর্মরত নারী শ্রমিকরা এখনও নানা ধরনের বৈষম্য, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সমমর্যাদা নিশ্চিত করা জরুরি।
তারা নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, নারী ও কন্যা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সম্পত্তি ও কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, নারী শ্রমিকদের প্রতি সব ধরনের সহিংসতা, হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, নারীদের সমঅধিকার এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। কর্মক্ষেত্র ও সম্পত্তির ক্ষেত্রে নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তিনি গার্মেন্টস খাতে নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর