বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যে, বাংলাদেশের উন্নয়নের জন্য বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারগুলো তাঁদের সময়েই বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের আপামর জনগণের উন্নয়নের লক্ষ্যেই সকল নির্বাচনী অঙ্গীকার পূরণ করা হবে। আগামী দিনে গ্রামীণ কৃষিতে বাড়তি কী ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে তাঁরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন, কারণ বর্তমানে কিছু এলাকায় মাত্র একটি ফসল উৎপাদন হয়।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রউফ জুনিয়র স্কুল মাঠে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে অত্যন্ত সিরিয়াস, যার ফলে নির্বাচিত হওয়ার ২১ দিনের মধ্যেই এটি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে আজ এটি দেওয়া হলো। পরিবারের স্বচ্ছলতা আনতেই এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হলো। প্রতি মাসে ফ্যামিলি কার্ডে নির্দিষ্ট পরিমাণ টাকা সুবিধাভোগীরা তাঁদের সুবিধামত বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পাবেন। মহিলারা যেহেতু জানেন সংসারে কী প্রয়োজন, সেই প্রয়োজন তাঁরা মিটিয়ে চলতে পারবেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাঁদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো খাল খনন। এর মাধ্যমে যেসব জায়গায় ফসল হয় না, সেখানে যেন ফসল উৎপাদন করা যায়। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় সড়ক ও কালভার্ট নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, শুকনো মৌসুমে বেশিরভাগ জমিতে সেচের অভাব থাকে এবং বিস্তৃত অঞ্চলের নির্দিষ্ট জমিতে পানি জমে থাকার কারণে ফসল উৎপাদন হয় না। যেখানে পানি জমে থাকে সেখান থেকে পানি শুকিয়ে ফসল চাষ করা গেলে এবং শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে পারলে সিলেট বিভাগে আরেকটি বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব হবে।
এ সময় সংসদ সদস্য মোঃ নাছির চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ, নূরুল ইসলাম, মোহাম্মদ কয়ছর আহমেদ, কামরুজ্জামান কামরুল, পুলিশ সুপার, ইউএনও এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীকে দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর