যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে নাটোরে উৎসবের দ্বিতীয় দিন শ্রীশ্রী দুর্গা পূজার মহা সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই জেলার প্রতিটি পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূজা সূচি অনুযায়ী, সকালে মণ্ডপে মণ্ডপে দেবীর নবপত্রিকা (কলাবৌ) প্রবেশ, স্নানযাত্রা ও স্থাপন শেষে সপ্তম্যাদি কল্পারম্ভের মাধ্যমে মহা সপ্তমী পূজা শুরু হয়। শ্রী শ্রী চণ্ডীপাঠ। পূজারি ও ভক্তগণ পুষ্পাঞ্জলি প্রদান এবং অঞ্জলির মাধ্যমে জগজ্জননী দুর্গার চরণে আরতি অর্পণ করেন।
নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, নাটোর শহরের জয়কালী মন্দির, রাজবাড়ী মন্দির, তেবাড়িয়া, হালসা সহ জেলার ৭টি উপজেলার ৪০৩ টি ছোট-বড় সব পূজা মণ্ডপেই নিরাপদে ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে। ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। পূজা দেখতে আসা ভক্তরা জানান, দেবী দুর্গার কাছে তাদের একটাই প্রার্থনা পৃথিবী থেকে যেন সব হিংসা ও অন্যায়ের অবসান ঘটে এবং দেশের প্রতিটি মানুষের জীবনে যেন শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। সন্ধ্যায় প্রতিটি মণ্ডপে আরতি ভোগরাগ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণের আয়োজন।
কুশল/সাএ
সর্বশেষ খবর