ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) সংক্ষিপ্ত এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হয়ে যাবে’, কারণ লক্ষ্যবস্তু করার মতো ‘প্রায় কিছুই আর অবশিষ্ট নেই’।
প্রায় পাঁচ মিনিটের ওই ফোনালাপে ট্রাম্প বলেন, ‘এখানে-সেখানে সামান্য কিছু আছে… আমি যখনই চাই যুদ্ধ শেষ হয়ে যাবে।’ যদিও প্রকাশ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সামরিক অভিযান ইতোমধ্যে তার বেশিরভাগ লক্ষ্য অর্জন করেছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন– যুদ্ধ কখন থামবে সে বিষয়ে এখনো কোনও অভ্যন্তরীণ নির্দেশনা দেয়া হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অবশ্য বুধবার বলেন, যুদ্ধ ‘কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়া চলবে, যতক্ষণ না আমরা সব লক্ষ্য অর্জন করি এবং অভিযানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করি’।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানে অন্তত আরও দুই সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ভেবেছিলাম ছয় সপ্তাহে যতটা ক্ষতি করা সম্ভব, ইতোমধ্যে তার চেয়েও বেশি ক্ষতি করেছি।’
তবে বিশ্লেষকরা বলছেন, সত্যিকারের কোনো ‘এন্ডগেম’ ছাড়াই ইরান যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প। এখন যুদ্ধ বন্ধের জন্য যেকোনও ধরনের সাফল্যের ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করতে মুখিয়ে আছেন তিনি। কারণ যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় জ্বালানি সংকট এবং তেল-গ্যাসের দাম নিয়ে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর