ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে পৌঁছান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বেলা ১১টায় সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।
এদিকে অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সংসদ ভবনে প্রবেশ করছেন। সকাল থেকেই তাদের সংসদ ভবনে ঢুকতে দেখা যায়।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে “জুলাই জাতীয় সনদ”-এর সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে শুরুতেই বিতর্ক ও উত্তাপ বাড়তে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালি নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে।
প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) প্রধান কাজ হবে সরকার যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদকালে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর