প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার হওয়া যুবকের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে তাঁকে বহনকারী বাসের একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। এরপর আবু বকরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তাঁরাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তাঁর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে বিশেষ বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রুয়েটের একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর