কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বন্ধু সেবার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর কারকন হাজী বাড়ির ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন এতিমখানার শিশুরা অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আলোচনা সভা, দেশ ও জাতির কল্যাণ এবং কবরবাসীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রশিদ জাবেরী।
দোয়া মাহফিলে উপস্থিত আলেমরা বলেন, রমজান মাস দান-সদকা ও মানবিকতার মাস। এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের সঙ্গে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা একসঙ্গে ইফতার করেন। এতিম শিশুদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।
বন্ধু সেবা সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাশার, এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া, নির্বাহী সদস্য মোহাম্মদ শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর