ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে তার একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হতে পারে। এ কারণে তার মৃত্যুর গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে।
সোমবার (১৬ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, তার হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এরপর থেকেই তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। রোববার নেতানিয়াহুর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তাকে জেরুজালেম হিলস এলাকার একটি ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়। ভিডিওতে তিনি কফি হাতে নিয়ে হালকা হাস্যরস করে বলেন, সামাজিক মাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।
ভিডিওতে নেতানিয়াহু বলেন, “আমি কফির জন্য মরছি।” এরপর তিনি দুই হাত এগিয়ে দেখিয়ে বলেন, “আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন, দেখুন।” ভিডিওটির শেষে তাকে কফি তুলে কিছু বলতেও শোনা যায়।
ভিডিওটি পোস্ট হওয়ার পর এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করে, এটি একটি এআই-তৈরি ডিপফেক ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কফি শপে বসে নেতানিয়াহুর এমনভাবে ইরান বা লেবানন সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে কথা বলার কোনো বাস্তব ঘটনা নেই।
একই সময়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটির বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, কফির কাপের তরলের আচরণ অস্বাভাবিক, আবার কেউ দাবি করেছেন নেতানিয়াহুর মুখের আকৃতি মাঝেমধ্যে বদলে যাচ্ছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এসব গুজবকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রধানমন্ত্রী সুস্থ আছেন।
অন্যদিকে জেরুজালেমের ‘দ্য সাটাফ’ নামের ক্যাফেটিও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে, সেদিন নেতানিয়াহু সেখানে কফি পান করতে এসেছিলেন। ক্যাফেটির পোস্টে লেখা হয়, আজ আমাদের এখানে প্রধানমন্ত্রী ও তার টিমকে আতিথ্য দিতে পেরে আমরা খুব আনন্দিত।
কুশল/সাএ
সর্বশেষ খবর