তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি তাঁর নিজ নির্বাচনী আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার মাত্র একদিনের মধ্যে নড়েচড়ে বসেছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশের সদস্যরা। মঙ্গলবার দিনভর দুই থানার পুলিশ সদস্যরা মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন।
মঙ্গলবার বিকেলে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, তথ্যমন্ত্রীর নির্দেশ শতভাগ বাস্তবায়ন করতে ইতোমধ্যে থানার সকল অফিসার থেকে শুরু করে সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানে মাদক আমদানিকারক থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা যে দলেরই হোক না কেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, মাদকের সাথে কোনো আপোষ নয়, এভাবেই থানার প্রত্যেক সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি থানার কোনো সদস্যের বিরুদ্ধে মাদকের ক্রেতা-বিক্রেতাদের সাথে কোনো ধরনের অভিযোগ ওঠে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে।
উল্লেখ্য, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রায় প্রতিটি গ্রামে হাত বাড়ালেই মিলছে যেকোনো ধরনের মাদকদ্রব্য। আর এতে করে বাড়ছে চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড। মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ যুবসমাজ। বিষয়টি অনুধাবন করতে পেরে ১৬ মার্চ দুপুরে নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মাদকের সাথে যদি কোনো নেতাকর্মীদেরও সম্পৃক্ততা থাকে, তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে থানা পুলিশকে মাদক নির্মূলে কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য তথ্যমন্ত্রী গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর