ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার মাধ্যমে ইরানের জনগণের সামনে তাদের শাসকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, সকালে তারা আলি লারিজানিকে ‘নির্মূল’ করেছেন, যিনি তার ভাষ্য অনুযায়ী রেভল্যুশনারি গার্ডের প্রধান এবং বাস্তবে ইরানের ক্ষমতার কেন্দ্র।
তিনি আরও দাবি করেন, ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরে পরিবর্তনের পথ খুলে দিতে পারে।
নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মীয় শাসকদের পতন হঠাৎ বা সহজে ঘটবে না। তবে ধারাবাহিক চাপ বজায় থাকলে জনগণ একসময় নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে।
এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, আলি লারিজানির ব্যক্তিগত ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি নোট প্রকাশিত হয়েছে, যদিও এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী তার নিহত হওয়ার দাবি করেছিল। এ বিষয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
কুশল/সাএ
সর্বশেষ খবর