পবিত্র ঈদের দিনে ময়মনসিংহের তারাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ঢাকাগামী মহাসড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আঃ আলী ও আসিয়া খাতুনের ছেলে মোঃ রুবেল মিয়া (২৬) এবং ময়মনসিংহ সদর থানার বাউন্ডারী রোড এলাকার মোঃ গোলাম মাওলার ছেলে শিশু মোছাঃ রিদি (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশু রিদিসহ অন্যদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিদিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফুলপুর থানার সার্কেল (সহকারী পুলিশ সুপার) রাকিবুর রহমান গণমাধ্যমকে জানান, ঈদের আনন্দ উপভোগ করতে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িত যানবাহন দুটি থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর