ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে আবাসিক এলাকায় বিমান হামলার ঘটনায় অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার ভোররাত প্রায় ১২টা ৩০ মিনিটে চালানো এ হামলায় শহরের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, আর ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল।
হামলায় আশপাশের বহু ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল ধসে পড়া, জানালা ভেঙে যাওয়া এবং দরজা উপড়ে যাওয়ার মতো ক্ষয়ক্ষতি দেখা গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খোররামাবাদের মেয়র দারিউশ বারানি বেইরানভান্দ এ ঘটনাকে “কাপুরুষোচিত হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, লক্ষ্যবস্তু এলাকায় কোনো সামরিক স্থাপনা ছিল না। তিনি জানান, অন্তত ৬টি আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং পাশের ঘরবাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার ফলে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে বড় কোনো জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি; বিস্ফোরণের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।
বর্তমানে উদ্ধারকারী দল, রেড ক্রিসেন্টের সদস্য এবং জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। একই সঙ্গে কর্তৃপক্ষ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করার আহ্বান জানিয়েছে, যাতে উদ্ধার কার্যক্রমে কোনো বাধা না পড়ে।
সূত্র- তাসনিম নিউজ।
সাজু/নিএ
সর্বশেষ খবর