সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এখন থেকে জ্বালানি নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। তবে নির্দেশনাটি কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়েই জ্বালানি সংগ্রহ করতে হবে। এ সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া যাবে না।
এছাড়া, জ্বালানি নেওয়ার সময় চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক। নিরাপত্তার জন্য হেলমেট পরিধানও নিশ্চিত করতে বলা হয়েছে।
ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।
এছাড়াও নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের কেনাবেচাও বন্ধ রাখা হবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন সতর্ক করেছে।
অন্যদিকে, নতুন নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালকই ফুয়েল কার্ড ব্যবস্থাকে অতিরিক্ত ঝামেলা হিসেবে দেখছেন এবং এতে নতুন করে ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর