বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধারে সহযোগিতা করতে গিয়ে পুলিশের হাতে চরম লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় রিমন নামের এক যুবক ও তার বন্ধুরা। পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় ওই যুবককে গোপনাঙ্গে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করার অভিযোগ উঠেছে, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য রিমন ও তার বন্ধুরা এগিয়ে আসেন এবং সেখানে কর্তব্যরত হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সহযোগিতা করার পরিবর্তে হাইওয়ে পুলিশের এএসআই (সশস্ত্র) অলিয়ার রহমান রিমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে ওই পুলিশ তার গোপনাঙ্গে হাত দিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম অলিয়ার রহমান। তিনি বর্তমানে হাইওয়ে পুলিশে কর্মরত।
জানা গেছে, তাকে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য রংপুর থেকে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশক্যাম্পে আনা হয়েছে। ঘটনার সময় তার এমন অপেশাদার ও কুরুচিপূর্ণ আচরণে উপস্থিত সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের নাম অলিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ডিউটিতে আছেন বলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই বিষয়ে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অলিয়ার রহমানকে রংপুর থেকে অতিরিক্ত জনবল হিসেবে আনা হয়েছিল।
তিনি বলেন, সে এমন আচরণ করেছে বিষয়টি আমার জানা ছিল না। আমি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তদন্ত সাপেক্ষে যদি সে দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়ে এমন শ্লীলতাহানির শিকার হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার বিচার দাবি করেছেন এবং প্রশ্ন তুলেছেন পুলিশের নৈতিকতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর