বাংলা সিনেমার অন্য কোনো তারকা এর আগে কখনো এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমন শোনা যায়নি।
তবে ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে জানিয়েছেন, তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে চান। এটি তার দীর্ঘদিনের স্বপ্ন।
জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে উপস্থিত হয়ে এই অভিনেতা জানান, সব কিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি। সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এই পডকাস্টটি শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় মাছ রাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। এই একই দিন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানেরও জন্মদিন। তাই তার কথায় শাকিব খানের প্রসঙ্গও উঠে আসে।
‘বরবাদ’ তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ বলেন, ‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। মনে পড়ে, শৈশবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম।
আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’
উল্লেখ্য, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে যে পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই ছবিটি ব্যাপক আলোচনায় আছে, দর্শকের প্রশংসায় ভাসছে। তানিম নূরের পরিচালনায় ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর