দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, গত আগস্টে মার্কিন হ্যাকাররা গ্রাহক তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৮ কোটি টাকা দাবি করেছিল।
প্রায় ছয় মাস আগে হ্যাক হওয়া গ্রাহকদের নাম, ফোন নম্বর এবং কেনাকাটার কিছু তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “হ্যাকাররা আগস্টে আমাদের মেইল করে ডাটাবেজ হ্যাকের কথা জানায় এবং ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫ লাখ ডলার পরিশোধের শর্ত দেয়। তবে আমরা পরীক্ষা করে ডাটাবেজে আমাদের নিজস্ব অ্যাক্সেস ঠিকঠাক পেয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “হ্যাকাররা কিছু ডাটা নিয়ে থাকতে পারেন, তবে আমরা তখন থেকেই পুরো ডাটাবেজ আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমাদের ডাটাবেজ এখনও সুরক্ষিত।” তিনি ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বা ঝুঁকির মুখে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
স্বপ্ন বর্তমানে মামলার প্রস্তুতি নিচ্ছে এবং এসিআই লিমিটেডের সহযোগী হিসেবে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে কাজ করছে।
সংস্থার দেশব্যাপী উপস্থিতি উল্লেখযোগ্য—বর্তমানে ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর এবং কেনাকাটার বিস্তারিত তথ্য।
এমডি সাব্বির হাসান নাসির আরও জানান, “ঘটনাটি আগস্টে ঘটে, কিন্তু হ্যাকাররা জানানোর পরপরই আমরা ডাটাবেজ সংরক্ষণ করতে সক্ষম হই। তবে হ্যাকাররা যে কিছু ডাটা নিজেদের কাছে রেখেছে, তা আমাদের জানানো হয়নি।”
সাজু/নিএ
সর্বশেষ খবর