বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে একটি যাত্রীবাহী বাস ও দুটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে একটি খালি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আলমাস (৫৫) নামের ওই চালক মারা যান। তিনি সাভার থানার দেওয়ানবাড়ি পাচগাছিয়া এলাকার মৃত আবু বাসের মিয়ার ছেলে। এর আগে শনিবার রাত ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকাগামী আলু বোঝাই 'রিজভী পরিবহন' (ঢাকা-মে-ট্র-১৮-৬১২৫) নামের একটি ট্রাক দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা 'সবুরা পরিবহন' (ঢাকা-মে-ট-১২-০৫৪৬) নামের অপর একটি আলু বোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা ঢাকাগামী 'এসআই পরিবহন' (ঢাকা-মে-ব-১৫-৭০৪০) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী পরিবহনের ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকে থাকা ট্রাকচালক আলমাসকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান।
এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা শত শত যাত্রী ও চালকদের ভোগান্তিতে ফেলে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর