টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জেলা জাসাসের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ারসহ প্রায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শাখাইল গ্রামের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের পাশে। হামলায় গুরুতর আহতরা হলেন অ্যাডভোকেট মতিয়ার তালুকদার, আব্দুল বাতেন, সরোয়ার তালুকদার, কাউছার আলম তালুকদার, রশিদ তালুকদার ও ফিরোজ আহমেদ। এ বিষয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, সাব্বির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী হিসেবে জেল খেটেছেন। জেল থেকে জামিনে বের হয়ে এলাকায় এসে জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, শাকিল ও সবুজ মিলে একটি সংঘবদ্ধ দল তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। সাব্বির হোসেন ও জহিরুল ইসলামের নেতৃত্বে গত ১৭ মার্চ বিকেলে শাখাইল গ্রামের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের পাশে জেলা জাসাসের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার তালুকদারকে রাস্তায় একা পেয়ে তাঁর উপর হামলা করা হয়। তাঁর ডাকচিৎকারে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এলে আওয়ামী সন্ত্রাসীরা তাঁদের উপরেও হামলা করে। এতে ৫-৬ জন গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সরোয়ার তালুকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর থেকে শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল মাস্টারসহ অপরাধীরা পলাতক রয়েছে। মামলার বাদী ফিরোজ আহমেদ জানান, আওয়ামী সন্ত্রাসী সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, শাকিল ও সবুজসহ আরও কয়েকজন মিলে জেলা জাসাসের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার তালুকদারের উপর অতর্কিতভাবে হামলা করে। তাঁর ডাক-চিৎকারে তাঁরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদের উপরেও হামলা চালায়, এতে কমপক্ষে ৫-৬ জন গুরুতর আহত হন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, শাখাইলের ঘটনায় আসামিরা পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। যেকোনো সময় আসামিদের আইনের আওতায় আনা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর