দুর্নীতি প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, আগের ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের নাম নিয়ে মেগা প্রজেক্টগুলোতে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছিল। এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময়ও কিছু উপদেষ্টা নিজেদের এলাকায় পক্ষপাতমূলকভাবে তহবিল বরাদ্দ করেছেন।
এ সময় তিনি উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলার কথাও স্মরণ করিয়ে বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময় উত্তরাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে বারবার উপেক্ষিত হয়েছে।
বর্তমান সরকার দেশের গ্রামীণ অঞ্চলের বৈষম্য দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার মৌলিক পরিবর্তনের ওপর জোর দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করতে পারে। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গ্রামীণ সড়কই মূল অবকাঠামো হিসেবে কাজ করে। তাই উত্তরবঙ্গসহ সারা দেশের দীর্ঘদিন অবহেলিত এলাকার রাস্তা পাকাকরণের জন্য মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর