ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। খবর- তাসনিম নিউজ।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ১ এপ্রিল ভোর থেকে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৮৯তম ধাপের অংশ হিসেবে তাদের নৌবাহিনী পাঁচটি বড় আকারের সমন্বিত অভিযান চালায়। এতে কাদির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়।
আইআরজিসির দাবি, সংযুক্ত আরব আমিরাতের জলসীমা ও দ্বীপাঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর দুটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা প্রথম হামলায় ধ্বংস করা হয়েছে।
এছাড়া পারস্য উপসাগরের কেন্দ্রে ‘অ্যাকোয়া ১’ নামের একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে, যা ইসরায়েলি মালিকানাধীন বলে দাবি করা হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলেও উল্লেখ করা হয়েছে।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের বাইরে একটি গোপন সমাবেশস্থলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। এতে বহু জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা আহত হয়ে মানামার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করা হয়।
এছাড়া আল-উদেইরি ঘাঁটিতে চিনুক হেলিকপ্টারের প্রস্তুতি কেন্দ্র ও সরঞ্জাম সংরক্ষণাগারে হামলার কথাও বলা হয়েছে। একইসঙ্গে উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি জানায়, এসব হামলার পর রণতরীটি আগের অবস্থান থেকে সরে গভীর সমুদ্রে চলে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কর্মকর্তাদের এক সমাবেশস্থলে আগের এক হামলায় ৩৭ জন নিহত ও বহু আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ‘প্রদর্শনমূলক পদক্ষেপে’ এই জলপথ পুনরায় খোলা হবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ধারাবাহিকভাবে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর