• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ দুপুর

কুমিল্লায় ‘উদ্ভাস একাডেমিক কেয়ার’- এর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় ‘উদ্ভাস একাডেমিক কেয়ার’ নামে পরিচালিত একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রতারণা, অব্যবস্থাপনা এবং শিক্ষার্থী হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। আকর্ষণীয় ফলাফলের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ভর্তি করালেও পরে প্রতিশ্রুত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষক, নিয়মিত মানসম্মত ক্লাস এবং ভালো ফলাফলের নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করায়। তবে ভর্তি হওয়ার পর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে দাবি সংশ্লিষ্টদের। নিয়মিত ক্লাস না হওয়া, দক্ষ শিক্ষকের অভাব এবং নিম্নমানের পাঠদান শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

সরেজমিনে দেখা যায়, কোচিং সেন্টারটি একটি পুরাতন ও জরাজীর্ণ তিনতলা ভবনের তৃতীয় তলায় পরিচালিত হচ্ছে। ছোট ছোট কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসিয়ে ক্লাস নেওয়া হয়। পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, অভিজ্ঞ শিক্ষকের পরিবর্তে বিভিন্ন কলেজপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। ফলে পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, কিছু শিক্ষক ক্লাসের সময় অপ্রাসঙ্গিক মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের জন্য বিব্রতকর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী অভিযোগ করে জানায়, ক্লাসে কয়েকজন শিক্ষক অপ্রয়োজনীয় ব্যক্তিগত মন্তব্য করেন, যা আমাদের জন্য অস্বস্তিকর। পড়াশোনার পরিবেশ না থাকায় আমরা মানসিকভাবে চাপে থাকি।

কুমিল্লা মডার্ন স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম খান অভিযোগ করে জানান, এসএসসি মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে উদ্ভাস কোচিং সেন্টারে পাঠানো হয়। পুলিশ লাইন এলাকায় শাখা খুঁজতে গিয়ে তিনি ‘একাডেমিক কেয়ার’ যুক্ত নাম ব্যবহারকারী এ প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে প্রতারিত হন।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি নিজেদেরকে আসল উদ্ভাস দাবি করে আমার কাছ থেকে ভর্তি বাবদ সাড়ে তিন হাজার টাকা নেয়। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে অভিভাবকদের জানাই। মুস্তাকিম আরও জানান, তার অভিভাবক টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ লিখিত আবেদন নিয়ে পরদিন টাকা দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে নানা অজুহাতে টাকা ফেরত না দিয়ে ঘোরানো হচ্ছে।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি করানোর সময় অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঠিকমতো ক্লাস হয় না, ভালো শিক্ষকও নেই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা প্রতারিত হয়েছি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, একটি প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন অভিভাবক।

তবে এসব অভিযোগের বিষয়ে কোচিং এর পরিচালনার দায়িত্বে থাকা জেলা যুবদল নেতা আহসান উল্লাহকে একাধিকবার কল দিয়ে ও ক্ষুদে বার্তা দিয়েও পাওয়া যায়নি। তবে ওই যুবদল নেতার স্ত্রী এ কোচিং এর পরিচালক রাবেয়া আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল বলছেন, এ ধরনের কোচিং সেন্টারের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্রতারণা বন্ধে কঠোর নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com