কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 'দি নিউ চিত্র রেখা জুয়েলার্স' নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েলারি দোকানের মালিকের অভিযোগ, এসময় দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই হয়েছে।
দি নিউ চিত্র রেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ বলেন, "অতর্কিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষ সহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হামলা করে ভাঙচুর চালায়। আমার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে এবং হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। হামলার প্রমাণ লোপাট করতে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"
ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, "একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি বসে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। তারপরেও জুয়েলারির দোকানে হামলা হয়েছে। উপজেলার সমস্ত জুয়েলারির দোকান বন্ধ রয়েছে। জুয়েলারি সমিতির পক্ষ থেকে এ হামলার বিচার দাবি করছি।"
নিউ চিত্র রেখা জুয়েলার্সের কর্মচারী আল-আমীন বলেন, "প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা করে। দোকান মালিকের বড় ভাইকে মারধর করে।"
অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় বলেন, "আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমাদের পক্ষ থেকে হামলা করা হয়নি। যাদের দোকান তারাই ভাঙচুর করেছে।"
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, "একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর