দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত এনটিভির স্টাফ রিপোর্টার এবং দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন ও ইউএনবি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ গত তিন বছর আগে কিডনি রোগে আক্রান্ত হন। সাজ্জাদুর রহমান ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি জেলায় অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ১৯৯১ সাল থেকে তিনি পঞ্চগড়ে সাংবাদিকতা করছেন এবং তার হাত ধরে অনেক তরুণ এই পেশায় এসেছে।
সমাজ ও মানুষের কল্যাণে পঞ্চগড়ের আনাচে-কানাচে ঘুরে সংবাদ সংগ্রহ করা ছিল তার অদম্য নেশা। কিন্তু তিন বছর আগে তার শরীরে কিডনি রোগ বাসা বাঁধে। প্রথমে শ্বাসকষ্ট দেখা দিলে তিনি রংপুরের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোবাশ্বেরের শরণাপন্ন হন। ডা. মোবাশ্বের জানান, তার কিডনির ক্রিয়েটেনিন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। পরবর্তীতে ক্রিয়েটেনিন প্রায় ১৪-১৫তে পৌঁছালে তার দুটি কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ভারতে চিকিৎসার জন্য গিয়েও কোনো প্রতিকার মেলেনি।
বর্তমানে তাকে সপ্তাহে তিনবার ডায়ালিসিস নিয়ে বাঁচতে হচ্ছে। ডায়ালিসিস না করলে তার শরীর ফুলে যায়। গত তিন বছর ধরে ডায়ালিসিস সংক্রান্ত ঔষধ এবং অন্যান্য খরচ বাবদ প্রতিদিন বিরাট অঙ্কের টাকা ব্যয় হচ্ছে। একদিকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে পরিবার এবং অন্যদিকে নিজের চিকিৎসার খরচ মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় অর্ধকোটি টাকার প্রয়োজন।
এই পরিস্থিতিতে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা সাজ্জাদের চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে দুই জেলার সাংবাদিকরা মতবিনিময় করে চিকিৎসা খরচ যোগানোর পরিকল্পনা গ্রহণ করেন। এ সময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, এটিএন বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আলম, এখন টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি নাহিদ রেজা, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম সহ পঞ্চগড়ের সাংবাদিকরা বিভিন্ন মতামত দেন।
অচিরেই পঞ্চগড় প্রেস ক্লাব সাংবাদিক সাজ্জাদের চিকিৎসা নিয়ে একটি কমিটি গঠন করে অর্থ সংগ্রহের কাজ শুরু করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মিঠু জানান, বিশাল অঙ্কের এই খরচের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করা হবে। তবে এর আগে স্থানীয়ভাবে তিন জেলার সাংবাদিকরা এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত পঞ্চগড়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে অর্থ সংগ্রহ করতে কাজ করবে বলে মতামত দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর