জ্বালানিসংকট মোকাবেলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাতে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালু করবে সরকার। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আমদানির সুযোগ পাবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের বিষয়ে আগামী রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো—
১. সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
২. ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।
৩. দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে।
তবে জরুরি সেবা যেমন- কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।
৪. বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।
এ ছাড়া সরকারি ব্যয় কমাতে আগামী ৩ মাসের জন্য আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কোনো যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় করা হবে না।
কম্পিউটারসহ নতুন সরঞ্জাম কেনাও বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানোর পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ আপাতত স্থগিত থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ কমানো হয়েছে।
পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর