• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:১৩ দুপুর

গঙ্গা চুক্তিসহ সম্পর্কের রোডম্যাপ হবে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে

ফাইল ফটো

দুই দিনের সরকারি সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর হওয়ায় ঢাকা ও দিল্লিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সফরের মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন, যা হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন এবং যৌথ নদী কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই এই চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশ পক্ষ থেকে বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়টিও গুরুত্ব পাবে। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন শেষে আগামী মে মাস থেকে ভারত আবার ভিসা কার্যক্রম চালু করতে পারে।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মরিশাসে যাবেন। এর আগে তিনি দুই দিন দিল্লিতে অবস্থান করবেন।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের দুই পরিচালক। সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভালের সঙ্গেও বৈঠক করবে।

বৈঠকে নিরাপত্তা ছাড়াও ভারতে অবস্থান করা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গ নিয়েও আলোচনা হতে পারে। এরপর বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা এবং সুসংহত বাণিজ্য চুক্তি সম্পাদনের আলোচনা শুরু করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

একই দিনে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে প্রায় ৫০ হাজার টন ডিজেল সরবরাহ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ৮ এপ্রিল সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অবস্থানরত বিভিন্ন অনাবাসিক দূতাবাস প্রধানদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করেন।

সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী এবং অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করতে চায়।

এসব বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম এবং উপ-হাইকমিশনার প্রীতি রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর এক্স-এ দেওয়া এক পোস্টে হাইকমিশনার জানান, দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে।

পরবর্তীতে তিনি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com