সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ জমা দেয়। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। কমিশন জানিয়েছে, সুপারিশ বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
এ প্রেক্ষাপটে অর্থ বিভাগ জানায়, কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের দিকনির্দেশনা ছাড়া কমিটি কার্যক্রম শুরু করতে পারেনি।
প্রাথমিক পরিকল্পনা ছিল চলতি অর্থবছর ২০২৫-২৬ থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা। সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের কারণে সেই বরাদ্দ অন্য খাতে ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তবে পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম; প্রথম ধাপে মূল বেতন কার্যকর হবে, পরবর্তী ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত হবে।
এ বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি বলেছেন, বর্তমান সরকারের উচিত নতুন বেতন কমিশন গঠন করা এবং পুরনো কমিশনের প্রতিবেদনকে উপাদান হিসেবে বিবেচনা করা।
জাতীয় বেতন কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান বলেন, কমিশন তাদের কাজ শেষ করে সুপারিশ জমা দিয়েছে। তবে কোনো বেতন কমিশনের সুপারিশই শতভাগ বাস্তবায়িত হয়নি; চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর