স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের গাড়ি আটকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় তারা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তার অপসারণ দাবি করেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগগুলো শোনার পর প্রতিমন্ত্রী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জানা যায়, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতাল থেকে বের হয়ে গাজীপুর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হলে কিছু স্থানীয় বাসিন্দা ব্যানার নিয়ে তার গাড়ির সামনে অবস্থান নেন। তারা হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পরিচালক স্বেচ্ছাচারী আচরণ করছেন, যার ফলে হাসপাতালের সার্বিক পরিবেশ নাজুক হয়ে পড়েছে। তাদের দাবি, চিকিৎসকরা নিয়মিত সময়মতো উপস্থিত থাকেন না এবং রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম অকার্যকর অবস্থায় পড়ে আছে এবং হাসপাতালের পরিবেশও অপরিচ্ছন্ন। এসব বিষয়ে একাধিকবার জানানো হলেও পরিচালক কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলান বলেন, বর্তমান পরিচালক আমাদের ড্যাবের সদস্য নন। তার বিরুদ্ধে অনেকে বিভিন্ন সময়ে নানা অভিযোগ করেছেন। আজ প্রতিমন্ত্রীকে পেয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা বলেছেন।
তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর