রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠসংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাব্বির মৃধা উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর দিকে আসা একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি কাছাকাছি চলে এলেও তিনি সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, কানে হেডফোন থাকায় ছাব্বির ট্রেনের হুইসেল বা চলাচলের শব্দ শুনতে পাননি। এ কারণে ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার হন তিনি।
এদিকে, তরুণ ছাব্বিরের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর