ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ওই সময় মজুদকারীর ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজারের তেল ব্যবসায়ী জয়নাল কেরাণীর বাড়ী থেকে এ ডিজেল উদ্ধার করা হয়।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে একটি চক্র সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে ডিজেল মজুদ করে অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। এ সময় ব্যবসায়ী জয়নাল কেরানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর