যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জনপ্রিয় মার্কিন র্যাপার অফসেট গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার প্রতিনিধিরা।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, অফসেট গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, তবে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনাটি সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার একটি ভ্যালেট এলাকায়, একটি ক্যাসিনোর কাছাকাছি ঘটে। ঠিক কী কারণে বা কী পরিস্থিতিতে এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।
স্থানীয় সেমিনোল পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সন্ধ্যা ৭টার পর একটি হোটেলের বাইরে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার আঘাত গুরুতর নয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
৩৪ বছর বয়সী এই র্যাপারের আসল নাম কিয়ারি সিফাস। তিনি জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেন। কোয়াভো ও টেকঅফের সঙ্গে গড়ে ওঠা এই দলটি ‘ব্যাড অ্যান্ড বুজি’ গান ও ‘কালচার’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১৯ সালে ‘ফাদার অব ৪’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। এর পরও একাধিক গান ও অ্যালবাম প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে তার সহশিল্পী ও চাচাতো ভাই টেকঅফ যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে গুলিতে নিহত হন।
সেই ঘটনার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে এক সাক্ষাৎকারে জানান অফসেট।
কুশল/সাএ
সর্বশেষ খবর