যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। গত সোমবার নিউইয়র্কের আলবানি এলাকায় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটেএ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন। আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০), ফাহিম আলিম (২৭)। ফাহিম নাজমলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। আহতরা হলেন- হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। তাদের নিউইয়র্কের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম ঘটনার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন হতাহতরা। নাজমুল রোবেল নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিউইয়র্ক কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রাজিয়া বেগম বলেন, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর