প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি বলেন, এই সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়াকে। পাশাপাশি, বিএনপি ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার শুভেচ্ছা সফরে ভারত যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। দিল্লি সফর শেষে তারা বৃহস্পতিবার মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে সেখানে রওনা হন।
সফরের অংশ হিসেবে হুমায়ুন কবির দিল্লিতে বিজেপির বৈদেশিকবিষয়ক দুই নেতা বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি বিজেপি সভাপতি নীতিন নবীনকে উদ্দেশ করে লেখা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমান বিজেপি সভাপতিকে দলীয় প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
টেলিফোনে দ্য ওয়ালের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির তাদের দিল্লি সফরকে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার শুভ সূচনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার অনেক আগেই রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাঁর দল আওয়ামী লীগ এখন অস্তিত্বহীন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা যথেষ্ট গঠনমূলক এবং ইতিবাচক হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর