দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়িয়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।
সরকার হাম পরিস্থিতি মোকাবিলায় বদ্ধপরিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাজু/নিএ
সর্বশেষ খবর