ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর আয়োজনে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের আউটডোর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক আলহাজ হাফেজ মোঃ খালেকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাজহারুল ইসলাম বলেন, শিল্প ও বাণিজ্য মেলা দেশীয় পণ্যকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলার পাশাপাশি এটি বিনোদনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা উচিত। তিনি এলইডি লাইট ব্যবহারের পাশাপাশি মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ রমজান আলী, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মোঃ ইকরাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মাসব্যাপী এই মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য ও বাণিজ্যিক পণ্যের সমাহার থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর