বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেকারির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতের আগুনের ঘটনা ঘটে।দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জনপ্রিয় নিপা বেকারি কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও শুরুতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে থানা পুলিশের মাধ্যমে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। রাত প্রায় ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে কারখানার সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে কারখানার মূল্যবান মেশিনারিজ, কাঁচামাল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত পাঁচটি গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে স্থানীয় যুবক ও ‘আরব স্টোর’-এর স্বত্বাধিকারী মো. সাদেক পাইপের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
নিপা বেকারির মালিক নুর হোসেন জানান, এর আগেও তার কারখানায় দু’বার আগুন লেগেছিল, তবে সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তিনি বলেন, “আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ—সব পুড়ে গেছে। এখানে ৩২ জন শ্রমিক কাজ করে। ব্যবসার অবস্থা এমনিতেই খারাপ, তার ওপর ঋণের চাপ রয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।”
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও পানির সংকটে পড়তে হয়। প্রথমে একটি পুকুরে পাম্প বসানো হলেও সেটি শুকিয়ে যায়। পরে অন্য একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া জনবল সংকটও ছিল বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর