কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (৮) নামের ওই শিশুর মৃত্যু হয়। রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।
চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে, কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।
মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, "সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলো। এছাড়া প্রতিদিন সংক্রমণের হার বাড়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার পর্যন্ত ৯৪ শিশু ভর্তি রয়েছে।"
অন্যদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর