বিচার বিভাগকে আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়া সফরের প্রথম ভাগে তিনি বগুড়া জজ আদালতে যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ (অনলাইন জামিননামা) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও ভোগান্তি হ্রাসে এক নতুন যুগের সূচনা হলো।
সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখান থেকে কোনো যান্ত্রিক যান ব্যবহার না করে সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে পায়ে হেঁটে আদালত চত্বরে উপস্থিত হন তিনি। বেলা ১১টা ২০ মিনিটে তিনি ডিজিটাল বোতাম চেপে ই-বেইল বন্ড সেবার শুভ উদ্বোধন করেন। একই সাথে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত বহুতল ভবনের নামফলক উন্মোচন করেন।
আদালতের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা ও কার্যক্রম শুরু করল। বিকেলে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে সূচি নির্ধারিত হয়েছে। যার মধ্যে রয়েছে, কৃষি উন্নয়নে খাল খনন কার্যক্রমের সূচনা, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। ব্যস্ততম এই সফরের মাঝে প্রধানমন্ত্রী তার নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। দীর্ঘ সময় পর তার নিজ এলাকায় আগমনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সফরের শেষভাগে বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তার দুপাশে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। সকাল থেকেই শহরের প্রবেশপথগুলোতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সফরকে অনন্য মাত্রা দিয়েছে। আইনজীবীরা মনে করছেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন প্রক্রিয়া দ্রুততর হবে এবং বিচারপ্রার্থীরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বগুড়ার সামগ্রিক অবকাঠামো ও বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর