কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার বাসিন্দা ও রবিউল শেখের ছেলে। তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার কাজ শেষে বাড়িতে ফেরেন রাশেদ। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সোমবার গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই জহুরুল ক্ষিপ্ত হয়ে বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর