বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা কুরুকপাতায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থেকেই এই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা কুরুকপাতা ইউনিয়নে হাম- রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি শনিবার (২৫ এপ্রিল) সকালে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মো. শাহীন চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র অফিসার ডা. মো. ইশতিয়াক এবং আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালামসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, "পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে হাম-রুবেলার প্রকোপ নিয়ন্ত্রণে সরকার বদ্ধ পরিকর। আলীকদমের কুরুকপাতা বাজারে আজ থেকেই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প কার্যকর করা হচ্ছে । প্রতিদিন হাসপাতালের একটি বিশেষ মেডিকেল টিম সেখানে অবস্থান করে পাড়ায় পাড়ায় চিকিৎসাসেবা প্রদান করবে। যতদিন প্রয়োজন হবে, ততদিন ওই এলাকায় এই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প সেবা দিবে। তিনি জানান, ইতিমধ্যে ৭১ জন বাচ্চা আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে, বর্তমানে ২৭ জন ভর্তি রয়েছে।
আলোচনা সভা শেষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুই জন চিকিৎসক, তিন জন নার্স এবং এক জন মেডিকেল সহকারীর একটি বিশেষ দল কুরুকপাতার দুর্গম এলাকার উদ্দেশ্যে রওনা হন। এই দলটি সেখানে অস্থায়ী ক্যাম্পে থেকে আক্রান্তদের চিকিৎসা ও টিকাদান কার্যক্রম তদারকি করবে।
সিভিল সার্জন জানান, সাধারণ টিকাদান কর্মসূচির পাশাপাশি এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে আক্রান্ত এলাকার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। এদিকে, স্থানীয় সূত্র জানায়, আলীকদমের দুর্গম পাহাড়ী এলাকায় কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় চিকিৎসার অভাবে হাম-রুবেলা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্তদের বেশির ভাগই কুরুকপাতা ইউনিয়নের। ইতিমধ্যে হাম- রুবেলার লক্ষন নিয়ে ওই এলাকায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। সভায় বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি আশ্বাস দেন যে, ভবিষ্যতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও জনবল আরও বৃদ্ধি করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর