কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একটি বড় পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের কোনো গ্রামেই আর কাঁচা সড়ক থাকবে না। দুই উপজেলায় প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার দলের হোক বা অন্য দলের-মাদক ব্যবসায়ীদের পক্ষে কেউ সুপারিশ করলে তাকে বসিয়ে রেখে আমাকে জানাবেন।"
তিনি আরও বলেন, "আমাদের প্রিয় নেতা তারেক রহমান ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন।"
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিটি বিঘা জমির জন্য কৃষকদের দেওয়া হয় আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ আফরিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ছাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এমপি জসিম উদ্দিন আরও জানান, অতি দ্রুত গোমতী নদীর ওপর মীরপুর সেতুর নির্মাণ কাজ শুরু হবে এবং গোবিন্দপুর সেতুটি সংস্কার করে বড় করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর